আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক: বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সরকারের বিরুদ্ধে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে। ভারতে নির্বাসিত শেখ হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদেরও লক্ষ্যবস্তু করছেন। এখন পর্যন্ত এসব সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, গত দেড় সপ্তাহে শেখ হাসিনার সমর্থকরা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। এ ছাড়া ক্ষমতাসীন বিএনপির দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতা ও বিক্ষোভ ছিল সবচেয়ে তীব্র। সেখানে একটি পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয় এবং বিক্ষোভকারীরা অস্ত্র হাতে মিছিল করেন।
গোপালগঞ্জে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক অবরোধ করে রাখায় টানা ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করা হয়। পরে শুক্রবার সকালে মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং এ ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সাম্প্রতিক এসব বিক্ষোভের বিষয়ে মন্তব্য জানতে নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, ১৯৯৬ থেকে ২০০১ এবং পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র-জনতার গণবিক্ষোভ ও দমনপীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। বিক্ষুব্ধ জনতা সরকারি বাসভবনের দিকে এগোতে থাকলে নাটকীয় পরিস্থিতিতে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। পরবর্তীতে গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। দেশের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
পাসপোর্ট বিতর্ক ও ঢাকা-দিল্লি কূটনৈতিক অবস্থান:
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন শেখ হাসিনা, যদিও বাংলাদেশ সরকার তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে ভারতকে তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে, চলতি ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছেন। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নয়াদিল্লি আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

