
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এতে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদের বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার আলোকে ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এই সম্পদ বিবরণী জনসমক্ষে উন্মুক্ত করা হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য সংযুক্ত রয়েছে।
এর আগে, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের হিসাব দ্রুত প্রকাশ করা হবে।
তিনি সে সময় বলেন, সরকারে দায়িত্বপ্রাপ্তদের সম্পদ বিবরণী প্রকাশ একটি নিয়মিত ও বাধ্যতামূলক প্রক্রিয়ায় রূপ দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এটি অন্যান্য সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও কার্যকর করা হবে।




























