আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে ‘চুরি হওয়া’ দুটি ইরানি তেলবাহী ট্যাংকার দুঃসাহসিক অভিযানে নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, জাহাজ দুটির নাবিকরা ঘুমিয়ে থাকার সুযোগে ইরানি সেনারা সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ নিয়ে ট্যাংকার দুটি উদ্ধার করেন। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে যুক্তরাষ্ট্র জাহাজমালিকদের কাছ থেকে অর্থ আদায় করছে বলেও অভিযোগ তুলেছে তেহরান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে (Fars News Agency) দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। কিন্তু আমাদের বাহিনী জাহাজগুলোর নাবিকরা ঘুমিয়ে থাকার সময় সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ নিতে এবং উদ্ধার করতে সক্ষম হয়েছে।’ তবে কোন সাগরে, ঠিক কখন এবং কীভাবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান। ইরানের এই দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন বাহিনী ওই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মালিকদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করছে; কিন্তু কোনো জাহাজ হামলার শিকার হলে তারা দায় স্বীকার করে না এবং আদায়কৃত অর্থও ফেরত দেয় না।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলের শর্তাবলি নিয়ে মতবিরোধের জেরে তা কার্যকর হয়নি, ফলে জুলাই থেকে পুনরায় সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রঃ আনাদোলু এজেন্সি (Anadolu Agency) ও ফার্স নিউজ এজেন্সি

