আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ডেস্ক: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা ‘লাব্বায়েক পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দুপুরে সাভার থানাধীন জোরপুল এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহণের বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ও আসনগুলো পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রঃ সাভার ফায়ার সার্ভিস

