
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার এক নির্বাচনি জনসভায় বলেন, “আমরা স্পষ্ট করে বলছি-সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং ফ্যাসিবাদের পক্ষে ‘না’ ভোট। কিছু দল এই বিষয়ে জনসম্মুখে স্পষ্টভাবে কিছু বলছে না। জনগণের সামনে নিজের অবস্থান প্রকাশ করুন।”
তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে আমাদের মায়েরা ভোট চাইতে গেলে দুর্বৃত্তরা তাদের অপমান করছে। যারা মায়ের গায়ে হাত তোলে, তারা কোন প্রজাতির? এটি মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রতিটি দল নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাক। মায়েদের অপমান আমরা বরদাশত করব না।”
নারী কর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, “যদি কোনো দুর্বৃত্ত কটু কথা বলে, চোখে চোখ রেখে বলবেন-আমি মা, আমি তোমাদের পরোয়া করি না; আমি কেবল আল্লাহকে ভয় করি।”
তিনি আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “এবারের ২০২৬ সালের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাঁক পরিবর্তনের নির্বাচন। এটি আন্দোলনে আহত ৩৪ হাজারের এবং শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন। বিগত ৫৪ বছরে যে পচা রাজনীতি দেশে ফ্যাসিবাদ তৈরি করেছে, এই নির্বাচনের মাধ্যমে সেই রাজনীতির কবর রচিত হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমি শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই ১৮ কোটি মানুষের বিজয়। দেশের মানুষের বিজয় হলেই জামায়াতের বিজয় নিশ্চিত হবে। আমাদের মূল অঙ্গীকার হলো ২৪-এর ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়ন করা।”
তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “আমাদের দলের ৬২ শতাংশ যুবক। আমরা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করব, যাতে তারা সম্মানের সঙ্গে দেশ গড়তে পারে।”
তিনি ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জামালপুরের ৫টি আসনে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জোটের কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। আমাদের প্রার্থীরা নেতা হওয়ার জন্য নয়, জনগণের সেবক হওয়ার জন্য লড়াই করবেন।”
অনুষ্ঠান শেষে তিনি জামালপুর জেলার ৫টি আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।


























