
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কড়াকড়ি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এদিন কোনো শিক্ষক বা কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। এখান থেকে ৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন, যেখানে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৭ হাজার ৭৬১ শিক্ষার্থীর মধ্যে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।




























