
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে।
মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘিরে পরিবার ও প্রবাসী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।
বিমানবন্দরে উপস্থিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফন সহায়তা হিসেবে প্রতিটি মরদেহের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেওয়া হবে। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এই ঘটনার বিস্তারিত তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।



























