
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাবেক অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘কিচেন কেবিনেট’ বা গোপন প্রভাবশালী গোষ্ঠীর থাকার বিষয়টি সামনে আনার পর থেকেই আলোচনা তুঙ্গে।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৎকালীন সময়ে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়া এবং বর্তমান ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় এমন কোনো ‘কিচেন কেবিনেট’ থেকে থাকলে তিনি সেটির অংশ ছিলেন না।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এই চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান মূলত বিএনপির পরামর্শে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তিটি সই করেন।
তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, “এই চুক্তি সম্পূর্ণভাবে বিএনপি এবং তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।
ক্রীড়াঙ্গনের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের তীব্র সমালোচনা করেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, “এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় বা ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে কাউন্সিলর হতে পারেননি। সবাই এসেছেন নিজ নিজ বাবার পরিচয়ে। ক্রীড়াকে পুরোপুরি পরিবারকরণ করেছে বিএনপি।” এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই কাউন্সিলর করা হয়েছিল বলে তিনি দাবি করেন।


























