
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ক্রমশ আরও সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন। রুবিও বলেন, বিভিন্ন তথ্য ও ইঙ্গিত থেকে ধারণা করা যাচ্ছে যে মোজতবা খামেনি ধীরে ধীরে নেতৃত্বের দায়িত্বে আরও বেশি সম্পৃক্ত হচ্ছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি। এরপর থেকেই তাকে জনসমক্ষে খুব কম দেখা গেছে।
হামলার সময় আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি জীবিত আছেন এবং ইরানের নেতৃত্ব পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মোজতবা খামেনির সক্রিয়তা ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই

























