
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোরবানির পশুর হাটগুলোতে এবার কঠোরভাবে চাঁদাবাজি দমন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কোনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি বদলে যায় না। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিক ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশংসা করে তিনি বলেন, ঈদের দিন বিকেলের মধ্যেই বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে, যা জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক দৃষ্টান্ত।
সাম্প্রতিক একটি আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, অপরাধ সংঘটনের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার উদ্যোগ সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, সরকারের ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরা উচিত। তবে ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা জনগণ কখনো ইতিবাচকভাবে গ্রহণ করবে না।
এদিকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ।


























