
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা থাকলেও উচ্চ সুদের হারের আশঙ্কায় স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কিছুটা কম থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের মূল্য ছিল ৪ হাজার ৩৪৪ দশমিক ২৯ ডলার।
একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্সের দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৩৮১ দশমিক ৮০ ডলারে।
সাধারণত মূল্যস্ফীতি, যুদ্ধ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সুদের হার বেশি থাকলে সুদভিত্তিক বিনিয়োগ থেকে আয় করার সুযোগ বাড়ে। ফলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি আগ্রহ কমতে পারে।
বর্তমানে বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তের দিকে। বিশেষ করে আগামী মাসে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের অবস্থান নেয়, তা বাজারের গতিপথে প্রভাব ফেলতে পারে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, তেলের দাম আবার বাড়তে থাকলে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে। এর ফলে সুদের হার সংক্রান্ত চাপ বাড়লে স্বর্ণের বাজারেও তার প্রভাব পড়তে পারে।
এদিকে কয়েক দিনের দরপতনের পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো অগ্রগতি হয় কি না, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিও জ্বালানি ও মূল্যবান ধাতুর বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। ফলে তেলের দামে ওঠানামা থাকলেও স্বর্ণের বাজারে এখন পর্যন্ত বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। একই হারে প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৭৯২ দশমিক ৭৬ ডলার।
প্যালাডিয়ামের দামও ০.৩ শতাংশ বেড়েছে। মঙ্গলবার প্রতি আউন্স প্যালাডিয়ামের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ দশমিক ১০ ডলার।
সূত্র: রয়টার্স



























