
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি বাড়ির নিচতলা থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার (১৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৮ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে সরদার ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতবাড়ির নিচে গোপন গুদামের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে এসব তেল মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মুচলেকাও নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়।




























