
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আঘাত হেনেছে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। শনিবার (১৫ আগস্ট) ভোরে সংঘটিত এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী এই কম্পনের পর হাজার হাজার আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূলের কাছে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। মূল ভূকম্পনের পর ৬.১ মাত্রাসহ আরও দুটি শক্তিশালী ‘আফটারশক’ অনুভূত হয়। প্রাথমিক অবস্থায় উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে বড় ধরণের কোনো রূপ পরিবর্তন না থাকায় তা তুলে নেওয়া হয়।
ভূমিকম্পের ফলে মাউমেরে শহরের একটি বন্দর টার্মিনালসহ ফ্লোরেস দ্বীপের অসংখ্য বাড়িঘর ও স্থাপনায় বড় ধরনের ফাটল ও ধস নেমেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য জানতে উদ্ধার কাজ ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় প্রায়শই বড় ধরণের ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।




























