
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেছেন, গাজায় যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
মিলিব্যান্ড জানান, গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি এমন কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন, যারা সেখানে ছিলেন অথবা এখনো ঘটনাস্থলে অবস্থান করছেন। তাদের কাছ থেকে গাজার পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তিনি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় জরুরি ওষুধ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলে তাকে জানানো হয়েছে।
জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ চিকিৎসার অপেক্ষায় থাকা শিশুরা মারা যাচ্ছে বলেও তিনি জানতে পেরেছেন বলে জানান।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মিলিব্যান্ড বলেন, এই অবস্থায় যুক্তরাজ্য সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ব্রিটিশ সরকার ও প্রধানমন্ত্রীকে আগের তুলনায় আরও দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে এবং পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি পদক্ষেপ নিতে হবে।
গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজন বলেও তার বক্তব্যে উঠে এসেছে।
এদিকে গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও সমালোচনা অব্যাহত রয়েছে।



























