
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: তীব্র গরমের মধ্যে রাজধানী ঢাকায় আবারো আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং। দিন ও রাতে একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে সন্ধ্যার পিক আওয়ারে চাহিদার তুলনায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট সন্ধ্যার পিক আওয়ারে কেবল ঢাকা জোনেই বিদ্যুতের মোট চাহিদা ছিল ৬ হাজার ৪৮৯ মেগাওয়াট। এর বিপরীতে ওই সময়ে লোডশেডিং করতে হয়েছে ৫৯৯ মেগাওয়াট। অথচ এর আগের দিন ২১ আগস্ট একই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ৫ হাজার ৬৩৫ মেগাওয়াট এবং লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২১৪ মেগাওয়াট। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে বিদ্যুতের চাহিদা যেমন ৮৫৪ মেগাওয়াট বেড়েছে, তেমনি লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে ৩৮৫ মেগাওয়াট।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ আগস্ট চলতি সপ্তাহের সর্বোচ্চ ৬৪০ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছিল। এর পরদিন ২০ আগস্টও ৫৫৪ মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি বা গ্যাসের তীব্র সংকটের কারণে অনেক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তাদের শতভাগ সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। ফলে জাতীয় গ্রিডে কাঙ্ক্ষিত বিদ্যুৎ না পাওয়ায় বাধ্য হয়ে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় শিডিউল ও অফ-শিডিউল লোডশেডিং দিয়ে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এ ভোগান্তি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




























