
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যার প্রভাব পড়েছে চলমান এসএসসি পরীক্ষায়। পানিতে ডুবে যায় বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের।
মঙ্গলবার সকালে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর অনেক এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। এর ফলে পরীক্ষাকেন্দ্রগুলোতেও পানি ঢুকে পড়ে। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিতে দেখা যায়। কোথাও কোথাও পানির কারণে দাঁড়িয়ে থেকেই লিখতে হয়েছে উত্তরপত্র।
শুধু শিক্ষার্থীরাই নয়, দায়িত্বরত শিক্ষক ও পরিদর্শকরাও একই পরিস্থিতির মুখোমুখি হন। অনেককে চেয়ারে পা তুলে বসে দায়িত্ব পালন করতে দেখা যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কিছু কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটে।
অভিভাবকরা জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে যায় এবং অল্প সময়ের মধ্যেই পানিতে ভরে যায় কক্ষ। এতে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে।
এদিকে জলাবদ্ধতার কারণে ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। নগরীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি সামাল দিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত অনেক এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনজুড়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।




























