
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে রাজধানী থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। সফরে কুমিল্লা ও চাঁদপুরে একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, চাঁদপুরে পৌঁছে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এর মধ্যে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল এবং সদর উপজেলার কুমারডুগী এলাকায় বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার।
দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ চাঁদপুর সফর করেছিলেন তারেক রহমান।




























