
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০০ টাকা বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
ঘটনাটি ঘটে বুধবার (১৩ মে) বিকেলে হাসপাতালের মেডিসিন বিভাগের ওপিডি ভবনে। নিহত রোগীর নাম দিপালী সিকদার (৪০), তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের বাসিন্দা।
স্বজনদের অভিযোগ, শ্বাসকষ্টজনিত অবস্থায় দিপালীকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। এ সময় দায়িত্বে থাকা এক কর্মচারী অন্য এক রোগীর স্বজনের কাছ থেকে ২০০ টাকা পাওয়ার পর রোগীর অক্সিজেন লাইন খুলে দেন। এতে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনরা ক্ষোভে অভিযুক্ত কর্মচারীর ওপর চড়াও হলে হাসপাতাল এলাকায় হাতাহাতির ঘটনাও ঘটে। পরে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























