
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক জলবায়ুর চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এল নিনোর প্রভাবে পৃথিবী এখন চরমভাবাপন্ন ও ধ্বংসাত্মক আবহাওয়ার এক বিপজ্জনক যুগে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সাম্প্রতিক পূর্বাভাস উল্লেখ করে আন্তর্জাতিক মাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমান এল নিনো পরিস্থিতি গত সাত দশকের মধ্যে অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে, যার স্থায়িত্ব হতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।
মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির এই স্বাভাবিক জলবায়ু প্রক্রিয়াটি মানবসৃষ্ট উষ্ণায়নের সঙ্গে যুক্ত হয়ে বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে। এর ফলে বিশ্বের একদিকে তীব্র খরা এবং অন্যদিকে শক্তিশালী টাইফুন ও বিধ্বংসী বন্যার সৃষ্টি হচ্ছে।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে গুতেরেস বলেন, পৃথিবী এখন জলবায়ুর এক অজানা ও উত্তপ্ত সীমানায় পা রেখেছে। ডব্লিউএমও মহাসচিব সেলেস্তে সাউলো সতর্ক করে জানিয়েছেন, এই প্রাকৃতিক বিপর্যয় বৈশ্বিক সমাজ ও অর্থনীতির ওপর প্রচণ্ড আঘাত হানতে পারে। এ কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, জনমানুষের বাস্তুচ্যুতি ও মৃত্যু কমাতে বিশ্বজুড়ে আগাম সতর্কতা ব্যবস্থা ও জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




























