
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারানোর পর যেন ব্যাট হাতেই জবাব দিলেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে প্রস্তুতি ম্যাচে একাই লড়ে খেললেন অনবদ্য এক সেঞ্চুরির ইনিংস। যখন বাংলাদেশের একের পর এক ব্যাটার ব্যর্থ হয়ে ফিরেছেন, তখন মিরাজ অস্ট্রেলিয়ার বোলারদের দাপট সামলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের
বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ২৬৩ রানে অলআউট হয় টাইগাররা। তবে পুরো ইনিংসে একমাত্র উজ্জ্বল নাম মেহেদী হাসান মিরাজ।
সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৪১ বলে অপরাজিত ১০৯ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কা। কঠিন উইকেটে ধৈর্য, আত্মবিশ্বাস ও দায়িত্বশীল ব্যাটিংয়ের অনন্য উদাহরণ গড়েন এই অলরাউন্ডার।
দিন শেষে মিরাজ বলেন, শুরুতে রান করার চেয়ে উইকেটে টিকে থাকা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য।
তার ভাষায়, “বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করছিল। প্রথমে শুধু উইকেটে টিকে থাকতে চেয়েছি। পরে যখন সেট হয়ে গেছি, তখন সুযোগগুলো কাজে লাগিয়েছি।”
তিনি আরও বলেন, সামনে টেস্ট সিরিজ থাকায় এই ইনিংস তাকে অনেক আত্মবিশ্বাস দেবে এবং একই মানসিকতা ধরে রাখতে পারলে দলও উপকৃত হবে।
মিরাজ ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার অর্ধশতকের দেখা পাননি। মুমিনুল হক করেন ৩৭ রান এবং সাদমান ইসলাম অনিক করেন ৩১ রান। বাকিদের ব্যাটিং ছিল হতাশাজনক।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
মিরাজের এই শতক টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।































