
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থান নির্দিষ্ট কোনো শ্রেণি বা দলের নয়, বরং এটি দেশের সর্বস্তরের মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রতীক বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই আমাদের জাতীয় স্মৃতিতে একটি দীর্ঘ অধ্যায়, যা অন্যায়ের বিরুদ্ধে এ দেশের মানুষের অভূতপূর্ব ঐক্যের সাক্ষ্য বহন করে।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিবৃতিতে তিনি জুলাই আন্দোলনে জীবনদানকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গুরুতর আহত, দৃষ্টিশক্তি হারানো ও পঙ্গুত্ব বরণকারী বীর জুলাই যোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, “জুলাই কোনো একটি বিশেষ গোষ্ঠী বা শ্রেণির আন্দোলন ছিল না। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাধারণ পথচারী, শ্রমিক, রিকশাচালক, সাংবাদিক, চিকিৎসক ও সাংস্কৃতিক কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। প্রবাসে থাকা বাংলাদেশিরাও দেশের লড়াইয়ে সংহতি জানিয়েছিলেন।
বিশেষ করে আন্দোলনে নারী ও শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতা ও শিক্ষার্থীদের অকুতোভয় নেতৃত্ব এ দেশের ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য যুগের পর যুগ অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জুলাই গণ-অভ্যুত্থানের মূল শিক্ষা তুলে ধরে বলেন, এ আন্দোলন প্রমাণ করেছে দেশের সাধারণ মানুষ যখন স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তখন সবচেয়ে কঠিন ও দুর্ভেদ্য শক্তিকেও পরাজিত করা সম্ভব। তিনি একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে দেশের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




























