
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারের টানা নিম্নমুখী প্রবণতা ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দরপতনের কারণে দেশের বাজারে আবারও বড় অঙ্কে কমেছে সোনার দাম। ভরিতে এক ধাক্কায় ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দর রোববার (৩০ আগস্ট) সারা দেশে বহাল রয়েছে।
বাজুসের প্রকাশিত নতুন মূল্যসূচি অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৯৯৬ টাকায় কেনাবেচা হচ্ছে। সংগঠনটি জানিয়েছে, ভ্যাট সমন্বয়ের পর এই দর নির্ধারণ করা হলেও ক্রেতাদের গহনার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে দিতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।




























