
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে রাজধানীজুড়ে চালানো নিয়মিত ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য উদ্ধার ও অন্যান্য অপরাধের অভিযোগে মোট ৪৬টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন বিভাগ এবং গোয়েন্দা পুলিশের যৌথ প্রচেষ্টায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৬ জন, তেজগাঁওয়ে ৯২ জন, উত্তরা বিভাগে ৭৪ জন, মতিঝিলে ৬৩ জন, ওয়ারীতে ৫৪ জন, গুলশানে ৫২ জন, রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধজনিত আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় তৈরী মদ এবং পাঁচটি মোবাইল ফোন। এ ছাড়া অভিযান চালিয়ে অপহৃত একজন ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।




























