
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকার ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। এবারের দাখিল পরীক্ষায় সর্বাধিক জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানটি দেশসেরার কৃতিত্ব অর্জন করেছে।
এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৯৭ দশমিক ৬১ শতাংশ।
এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দায়িত্বশীলতা ও দক্ষ পরিচালনার সমন্বিত ফল হিসেবেই এবারের এই অসাধারণ সাফল্য এসেছে।
প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানটি আগের বছরগুলোতেও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভালো ফলাফলের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের মাদ্রাসা শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল খায়ের মুহা. আবু বকর সিদ্দীক বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা, গভর্নিং বডির দক্ষ পরিচালনা এবং এলাকাবাসীর সহযোগিতাই এবারের সাফল্যের মূল ভিত্তি।
তিনি বলেন, শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে। শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টাতেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার এই সাফল্য শুধু প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নয়, দেশের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
অধ্যক্ষ আবুল খায়ের মুহা. আবু বকর সিদ্দীক প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।




























