
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক সংকটের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। যেখানে প্রতি বছর ধাপে ধাপে ভর্তুকি সমন্বয় করা হতো, সেখানে গত ৭ মাসের সমপরিমাণ বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি বাধ্য হয়ে এক মাসেই পরিশোধ করতে হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের ব্যাংকগুলো খালি হয়ে পড়ায় বর্তমান সরকারকে মারাত্মক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান সরকারের দূরদর্শী ও কঠোর পরিশ্রমের চিত্র তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সাময়িক সংকট মোকাবিলায় দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রতিকূল স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইনশাআল্লাহ সব বাধা পেরিয়ে এই অর্থনৈতিক ও বিদ্যুৎ-গ্যাস সংকট খুব শিগগিরই কেটে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিগত শাসনকালের নিপীড়নের স্মৃতি স্মরণ করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে বিরোধী দলগুলোর নেতা-কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি, রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারেননি। পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লাগাতার হামলা এবং গণতন্ত্রহীনতার মুখোমুখি হতে হয়েছে গোটা জাতিকে। হাজারো শহীদের রক্ত ও ছাত্র-জনতার অসামান্য ত্যাগের বিনিময়ে দেশে আজ পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। মন্ত্রী আরও যোগ করেন, ইতিহাস সাক্ষী যে যখনই দেশ কোনো গভীর সংকটে বা গণতন্ত্রহীনতায় নিপতিত হয়েছে, তখনই জিয়া পরিবার শক্ত হাতে হাল ধরে জাতিকে মুক্তির পথ দেখিয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে ওই স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।




























