
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন মাশুল ‘সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চার্জ’। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ভারতীয় আধা পয়সা পরিশোধের প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যুতের মূল ট্যারিফের বাইরে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। এতে করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বছরে প্রায় ৬ কোটি টাকা অতিরিক্ত খরচ বাড়বে।
পিডিবি সূত্র জানায়, ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং পিডিবি ইতিমধ্যে এসএনএ চুক্তির প্রক্রিয়া শুরু করেছে। আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যে গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, এনার্জি অ্যাকাউন্টিং এবং আর্থিক নিষ্পত্তির ব্যয় মেটাতে এ মাশুল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা সিইআরসি।
প্রাথমিকভাবে ভারত প্রতি ইউনিটে এক ভারতীয় পয়সা দাবি করলেও পিডিবির দরকষাকষির ফলে তা কমিয়ে আধা পয়সায় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত চুক্তির বিষয়ে মতামতের জন্য গত ১৮ আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
বর্তমানে ভারতের সঙ্গে থাকা একাধিক চুক্তির আওতায় যে ১,১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়, তার ক্ষেত্রেই এই নতুন এসএনএ চার্জ প্রযোজ্য হবে। এ চুক্তিতে বিলম্ব হলে ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে বিঘ্ন ঘটার ঝুঁকি রয়েছে বলে জানান পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের ১,৪৯৬ মেগাওয়াট কেন্দ্রের বিদ্যুতের মূল চুক্তির ভেতরেই এসএনএ চার্জ অন্তর্ভুক্ত থাকায় সেখানে নতুন করে কোনো মাশুল যুক্ত হবে না।
দেশে গ্যাসের ঘাটতি ও জ্বালানি সংকটের মধ্যে ভারতীয় বিদ্যুতের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় দীর্ঘমেয়াদে এই আধা পয়সার মাশুলও রাষ্ট্রীয় কোষাাগারে বড় অঙ্কের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।




























