
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের ‘আবু আল-দুহুর’ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য ও এশিয়ার ১২টি দেশ যৌথভাবে তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) তুরস্ক, সৌদি আরব, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, মালয়েশিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া ও সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।
সম্প্রতি ইদলিবের সামরিক ঘাঁটিটিতে চালানো ইসরায়েলি বিমান হামলায় ঘাঁটির রানওয়ে এবং সামরিক সরঞ্জাম রাখার একাধিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার স্বপক্ষে দাবি করেন, সিরিয়া ওই ঘাটিতে তুরস্কের সামরিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল, যা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তবে আঙ্কারা ও দামেস্ক যৌথভাবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্পষ্ট জানান, ঘাঁটিটিতে কোনো তুর্কি সেনা ছিল না এবং এটি কেবল গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত বিমানঘাঁটি সংস্কারের অংশ ছিল।
আন্তর্জাতিক মহলে এই হামলার কারণে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমনকি সিরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক ইসরায়েলি এই সামরিক অভিযানকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেছেন। ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেছেন, সিরিয়ার ভঙ্গুর স্থিতিশীলতা নষ্ট করতে ইসরায়েলি এই ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যকে নতুন করে এক বিধ্বংসী আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।




























