
আওয়ার টাইমস নিউজ।
সাবেক স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে চুক্তি করা ভারতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। তারা বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।”
সংকট উত্তরণে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী আরও জানান, বিগত সরকারের অদূরদর্শিতার কারণে গ্যাস ও জ্বালানি সংকটে ডিজেল ও কয়লাচালিত ৯টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতে এলপিজি ক্রয়ের উদ্যোগ নিয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বন্ধ বিদ্যুৎকেন্দ্র পুনঃচালু করা সম্ভব হবে।




























