আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। রোববার (২২ নভেম্বর ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের (NBC News) জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ অংশ নিয়ে তিনি এই স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত ৪২ বছর বয়সী এই নেতা বলেন, ইসরাইলের বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত গণতন্ত্রের মৌলিক নীতিগুলো সবার জন্য সমানভাবে প্রয়োগ করা। অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তাঁকে প্রশ্ন করেন, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরাইলের কেন তার এই পরিচয় পরিত্যাগ করা উচিত?
জবাবে এল-সায়েদ বলেন, পবিত্র ভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরাও বসবাস করে আসছেন এবং তাঁদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে উল্টো ইসরাইলের ভূখণ্ড সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রও তাতে সমর্থন দিয়ে যাচ্ছে।
ইসরাইল একই সঙ্গে ‘ইহুদি রাষ্ট্র’ ও ‘গণতান্ত্রিক রাষ্ট্র’এই দ্বৈত পরিচয় ধরে রাখতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এল-সায়েদ। তিনি বলেন, ‘মানুষকে এখন বেছে নিতে হচ্ছে, এটি কি একটি ইহুদি রাষ্ট্র হবে, নাকি একটি গণতান্ত্রিক রাষ্ট্র? আমাদের নিজস্ব নীতিমালার ভিত্তিতে আমি বলব, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া।’
এল-সায়েদ আরও জোর দিয়ে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সমান অধিকার, শান্তি, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার,এসব নীতি সবার জন্য সমান হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীরই এই অধিকারগুলো নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, তাঁর এই অবস্থান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা নয়; বরং এটি সবার জন্য সমান অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্ন।
সূত্রঃ এনবিসি নিউজ (NBC News) ও দ্য টাইমস অব ইসরাইল

