
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া ব্যবস্থার নতুন ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৬ সালের বাকি সময়জুড়ে বৈশ্বিক আবহাওয়ায় বড় প্রভাব ফেলতে পারে।
ডব্লিউএমওর মতে, এল নিনো শক্তিশালী হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যেতে পারে। এর ফলে ইতোমধ্যে উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর গড় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মধ্য প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা ও বায়ুপ্রবাহের পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ এল নিনোর সূচনা ও তীব্রতা অনেকটাই এ অঞ্চলের পরিস্থিতির ওপর নির্ভর করে।
বিশেষজ্ঞদের মতে, বাতাসের স্বাভাবিক প্রবাহে পরিবর্তন ঘটলে প্রশান্ত মহাসাগরের বিশাল অংশের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে। এই ঘটনাই এল নিনো নামে পরিচিত। এর প্রভাব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ থাকে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া ব্যবস্থাকে প্রভাবিত করে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞ প্রফেসর অ্যাডাম স্কাইফ বলেছেন, চলতি বছরে শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি রেকর্ড গড়তেও পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সম্ভাব্য শক্তিশালী এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রা বৃদ্ধি, কৃষি উৎপাদনে প্রভাব এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে।
সূত্র: বিবিসি

























