
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আবারও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন মিশর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের কষ্টে যার কোনো অনুভূতি নেই, তাকে প্রকৃত মানুষ বলা যায় না।
সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে প্রস্তুতি নিয়ে কথা বলার একপর্যায়ে তিনি গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তোলেন।
কয়েক মিনিট ধরে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে বক্তব্য দেন তিনি। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
হোসাম হাসান বলেন, পৃথিবীর যে প্রান্তের মানুষই হোক না কেন, ফিলিস্তিনিদের জন্য সহমর্মিতা না থাকলে মানবিকতার দাবি করা কঠিন। তার ভাষায়, কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ হাজারো মানুষের মৃত্যু যেন অনেকের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, তিনি শুধু একজন আরব নন, সবার আগে একজন মানুষ। ফুটবল পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধের কথা শেখায়। তাই মানুষের জীবন ও মর্যাদাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জয় নিশ্চিত হওয়ার পর ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মিশর কোচ বলেন, সেটি ছিল সম্পূর্ণ মানবিক অনুভূতি থেকে করা একটি কাজ।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় শেষ ষোলোয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আফ্রিকার দেশটি।
আর্জেন্টিনাকে শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও হোসাম হাসান বলেন, তারা কোনোভাবেই প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না। তার মতে, মিশর দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতার প্রতিনিধিত্ব করে এবং দলটি দেশের পাশাপাশি আরব বিশ্ব ও আফ্রিকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।



























