
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে তীব্র অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হওয়ার পেছনে মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক অবরোধ, সমুদ্রবন্দরে কড়াকড়ি এবং তেল বিক্রি কমে যাওয়াকে সরাসরি দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক বিশেষ বার্তায় ইরানের বর্তমান বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে প্রকাশ্যে এই ক্ষোভ উগরে দেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটনের বন্দর কেন্দ্রিক কঠোর অবরোধের কারণে সমুদ্রপথে সরাসরি পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিকল্প দীর্ঘ পথ পাড়ি দিয়ে পণ্য ইরানে পৌঁছাতে অতিরিক্ত পরিবহন খরচ ও অতিরিক্ত সময় লাগছে, যা সরাসরি অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি করছে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, “অবরোধের মুখে দীর্ঘ পথ অতিক্রম করে পণ্য আনতে হওয়ায় আমদানিকৃত এবং উৎপাদিত প্রতিটি দ্রব্যের চূড়ান্ত খরচ বহুগুণ বেড়ে গেছে, যার সার্বিক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
একই সাথে তিনি উল্লেখ করেন যে, তেল রফতানিতে মার্কিন বিধিনিষেধের কারণে রাষ্ট্রীয় আয় আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এর ওপর যুক্ত হয়েছে শিল্পকারখানাগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ, যার ফলে সরকার আগের মতো প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত কর ও রাজস্ব আদায় করতে পারছে না। তবে সব ধরণের আন্তর্জাতিক প্রতিকূলতা ও আগ্রাসনের মুখেও যেকোনো মূল্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন মাসুদ পেজেশকিয়ান।




























