
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘস্থায়ী ইরান সংঘাত এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে বর্তমানে তার সমর্থনের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩ শতাংশে। বার্তা সংস্থা রয়টার্স ও মতামত জরিপকারী প্রতিষ্ঠান ইপসসের (Reuters/Ipsos) পরিচালিত যৌথ জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
টানা চার দিন ধরে পরিচালিত এই জাতীয় সমীক্ষায় দেশের ৬৪ শতাংশ মার্কিন নাগরিক হোয়াইট হাউসে ট্রাম্পের সাম্প্রতিক নীতি ও পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ আমেরিকান (যার মধ্যে ৮৭% ডেমোক্র্যাট ও ৭১% রিপাবলিকান) শঙ্কা প্রকাশ করেছেন যে, ইরানে যুক্তরাষ্ট্রের এই সামরিক অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদি রূপ নিতে যাচ্ছে। সংঘাতটি কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাত্র ১৬ শতাংশ উত্তরদাতা।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ, তেল সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির আকাশচুম্বী মূল্যের প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কাই ট্রাম্পের জনপ্রিয়তায় এই ঐতিহাসিক ধ্বসের মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।




























