
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ বিদেশি মদদপুষ্ট গোষ্ঠীগুলো রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বেলুচিস্তানের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনগণের আস্থা নষ্ট এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার এই জাতীয় যেকোনো অপতৎপরতা মোকাবিলায় পাক সশস্ত্র বাহিনী, রাষ্ট্র ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাক সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, ‘ফিতনা আল-খারিজি’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর মতো বিদেশি মদদপুষ্ট প্রক্সি গ্রুপগুলো বেলুচিস্তানে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত করা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জাতির অবিচল আস্থা এবং রাষ্ট্রের সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপের মাধ্যমে শত্রুভাবাপন্ন এসব অশুভ পরিকল্পনা নস্যাৎ করা হবে। সেই সাথে শত্রুপক্ষের যেকোনো ধরনের মিথ্যা বয়ান ও অপপ্রচারকে দ্বিধাহীনভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পাকিস্তান সামরিক বাহিনী মূলত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খারিজি’ পরিভাষা দুটি বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্দেশ করতে ব্যবহার করে থাকে। পাকিস্তানের অভিযোগ, ভারতের সরাসরি ইন্ধন ও সহায়তায় এসব উগ্রপন্থি গোষ্ঠী বেলুচিস্তানের নিরাপত্তা, অখণ্ডতা ও শান্তিশৃঙ্খলা ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চালিয়ে আসছে।
এই পরিভাষার মাধ্যমেই বেলুচিস্তানের সহিংসতাকে বহিরাগত শক্তি দ্বারা পরিচালিত একটি গভীর ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
সূত্র: জিও নিউজ।




























