
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: এক মুহূর্তের ঝড়েই যেন নিঃশ্বেষ হয়ে গেল একটি হাসিখুশি পরিবার। টাঙ্গাইলের সখীপুরে দ্রুতগামী ট্রাকের নির্মম চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মা ও তাঁর অবুঝ এক বছরের কোলের কন্যাসন্তান। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ হূদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী ইসরাত জাহান আঁখি (২২) এবং তাঁদের এক বছরের শিশু কন্যা। মাত্র ২২ বছরের তরুণী স্ত্রী আর চোখের মণি অবুঝ সন্তানকে একই সাথে হারিয়ে বাকরুদ্ধ স্বামী শুভ আহমদ এখন দিশেহারা। স্বজনদের গগনবিদারি আর্তনাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে কোলের সন্তানকে নিয়ে অটোরিকশাযোগে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরে নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আঁখি। যাত্রাপথে বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে ধেয়ে আসা এক ঘাতক ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে অটোরিকশা থেকে ছিটকে পিচঢালা রাজপথে পড়েন মা-মেয়ে।
কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগামী ট্রাকের ভারী চাকা পিষে দিয়ে যায় তাঁদের। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে থেমে যায় দুটি প্রাণ।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাপ্লুত মা ও শিশুর মরদেহ উদ্ধার করে। একই পরিবারে এমন মর্মান্তিক ট্র্যাজেডিতে সড়কে চলাচলকারী পথচারী ও এলাকাবাসীও চোখের পানি ধরে রাখতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়ি চিহ্নিত করাসহ দুর্ঘটনার পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”




























