
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান ‘টপ এন্ড টি-
টোয়েন্টি’ সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দল। লিগ পর্বের ম্যাচগুলো শেষে রোমাঞ্চকর এই টুর্নামেন্টের শেষ চারের লাইনআপও এখন পুরোপুরি চূড়ান্ত। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ এইচপি দলের প্রতিপক্ষ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।
বাংলাদেশ ছাড়াও সেমিফাইনালের টিকিট কেটেছে টেবিলের শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এবং নিউজিল্যান্ড ‘এ’ দল। অন্যদিকে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান একাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও হোবার্ট হারিকেন্স একাডেমি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুখোমুখি হবে চতুর্থ দলের এবং দ্বিতীয় দল লড়বে তৃতীয় স্থানের দলের সঙ্গে। লিগ পর্বে ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট থাকলেও নেট রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এইচপি দল।
টেবিলে তৃতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির অর্জনও ৬ ম্যাচে ১০ পয়েন্ট। রানরেটের সমীকরণে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয়ে রানরেটে এগিয়ে থেকে চার নম্বর স্থান দখল করা নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে শীর্ষ দল অ্যাডিলেড।
রোববার (৩০ আগস্ট) ডারউইনে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনালের মহারণ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এবং সকাল ৭টায় পৃথক দুটি সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। সেমিফাইনালের বাধা পেরিয়ে দুই বিজয়ী দলকে নিয়ে বেলা সাড়ে ১২টায় শুরু হবে ট্রফি নির্ধারণী মেগা ফাইনাল।































