
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অক্ষ ও ইসরাইলকে সমগ্র মুসলিম উম্মাহর ‘চিরশত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মুসলিম বিশ্বের দেশগুলোকে সকল অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ‘প্রকৃত শত্রু’ মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিয়া-সুন্নি কিংবা জাতিগত বিভেদ সৃষ্টি করে মুসলিম বিশ্বকে দুর্বল করাই শত্রুপক্ষের প্রধান কৌশল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ বক্তব্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।
মুসলিম উম্মাহর রাষ্ট্রপ্রধান ও নীতি-নির্ধারকদের উদ্দেশ্যে মোজতবা খামেনি সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকা ও ইসরাইল শুধু ইরান বা ইসলামি প্রতিরোধের বিরোধী নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের উন্নয়ন ও বন্ধুত্বের শত্রু। মুসলিম বিশ্ব যদি ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট থাকত, তবে ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর এমন নজিরবিহীন নির্যাতন চালাতে পারত না দখলদাররা। এমনকি হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে কোনো বিদেশি শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদ ও ভূমির ওপর লোলুপ দৃষ্টি দেওয়ার সাহসও হতো না।
তিনি আরও অভিযোগ করেন, শত্রুপক্ষ মুসলিম দেশগুলোর ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পার্থক্যকে কাজে লাগিয়ে আধিপত্য বিস্তারের পাঁয়তারা চালাচ্ছে। তাই মুসলিমদের মধ্যে বিভেদ বা দূরত্ব সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থেকে শত্রুর মূল নীল নকশা নস্যাৎ করতে পুরো মুসলিম উম্মাহকে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানান ইরানের এই শীর্ষ ধর্মীয় নেতা।




























