
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নসহ ছয় দফা দাবি মেনে না নিলে বর্তমান সরকারের বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন সফল করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের অংশ হিসেবে কুমিল্লায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে কি না, কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন কি না এবং ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তারা রাজপথে নেমেছেন।
কুমিল্লায় দুর্নীতি আছে কি না, এমন প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, এসব সমস্যার সমাধানের দাবি নিয়েই তাদের আন্দোলন শুরু হয়েছে।
তিনি বলেন, ছয় দফা দাবি আদায়ের এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে ছড়িয়ে দেওয়া হবে। সরকার দাবিগুলো মেনে না নিলে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে।
পথসভায় কুমিল্লাকে বিভাগ করার দাবিও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো টালবাহানা না করে দ্রুত এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পাশের জেলা নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন এবং তারাও এর দাবিদার। তবে কুমিল্লা ১৯৯৪ সাল থেকে বিভাগ দাবি করে আসায় কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়নের দাবি জানান তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ড. আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াতের মাওলানা আব্দুল হালিমসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।





























