আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িই নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে এবং এই মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। তিনি বলেন, ‘শেখ হাসিনার লাশ দরকার, তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিরা দেশে এবং প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে। তাদের অবৈধ টাকার অভাব নেই উল্লেখ করে তিনি দাবি করেন, এই টাকা দিয়ে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে এখন বাড়ি-গাড়িতে আগুন লাগানো হচ্ছে।
প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা মরহুম তরিকুল ইসলাম সারাজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন এবং যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন।
রিজভী আরও বলেন, খালেদা জিয়া যখনই আন্দোলন-সংগ্রামের ঘোষণা দিতেন, তখন যার নাম প্রথমে নিতেন সেই নামটি ছিল তরিকুল ইসলাম। এমনকি বারডেম হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েও খালেদা জিয়া তাকে গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব দিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি আন্দোলন পরিচালনা করেছিলেন। তিনি কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি বলেও উল্লেখ করেন রিজভী।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
সভায় প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং তার ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

