
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে সারাদেশে ২৭৪টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে অন্তত ১৫টি।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার এ চিত্র উঠে এসেছে। এই সময়ে ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ১৬টি। প্রার্থীদের ওপর হামলা হয়েছে ১৫টি ঘটনায়। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচটি।
পরিসংখ্যানে আরও দেখা যায়, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি। অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা তিনটি। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে নয়টি এবং নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ২৯টি।
এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০টি। অবরোধ ও বিক্ষোভের ঘটনা ছিল ১৭টি। সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনা এবং অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে ৭০টি।
বিজ্ঞপ্তিতে অতীতের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার পরিসংখ্যানও তুলে ধরা হয়। প্রেস উইংয়ের তথ্যমতে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাসে ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটে। এতে আহত হন ৪৬০ জন এবং নিহত হন ছয়জন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ২২ দিনে ৪১৪টি সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন ৭৮০ জন এবং প্রাণ হারান ২২ জন।
আর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ১২ দিনে ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। তখন এসব ঘটনায় নিহত হন ১১৫ জন এবং আহত হন ৩১৫ জন বলে জানানো হয়।




























