
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বয়স এখন ৩৯। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার বিন্দুমাত্র ছাপ পড়েনি বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার বিশ্বাস, মেসি যত দিন ফুটবল খেলার সিদ্ধান্ত নেবেন, তত দিনই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির প্রতিদিনের অনুশীলন, শৃঙ্খলা এবং নিজের শরীরের প্রতি যত্নই তাকে এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করছে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের পেছনে মেসির অবদানও তুলে ধরেন স্কালোনি। বিশেষ করে শেষ ষোলোয় মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট নিয়ে শঙ্কা থাকলেও মাঠে নেমে সেই সংশয়ের কোনো প্রমাণ রাখেননি মেসি। ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফরম্যান্সে তিনি আবারও প্রমাণ করছেন, বয়স কেবল একটি সংখ্যা স্কালোনি বলেন, “মেসি যখন অনুভব করেন যে তিনি দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারছেন, তখন তার ভেতরে আরও বেশি শক্তি কাজ করে। যারা তাকে কাছ থেকে চেনে না, তারাই হয়তো মনে করে বয়সের কারণে তার সামর্থ্য কমে গেছে। আমি বিশ্বাস করি, সে যত দিন চাইবে, তত দিনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন থাকবে।”
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই একই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
বর্তমানে চলতি বিশ্বকাপে ৮ গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের শীর্ষে রয়েছেন মেসি। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে ২১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।




























