
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ দেওয়া এক বক্তব্য ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবু হোরায়রা বলেন, “মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা তার বিচার চাই।”
তার এই বক্তব্যের সময় মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যটি শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বক্তব্যে আবু হোরায়রা অভিযোগ করেন, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানহানি করা হয়েছে। তিনি বলেন, যারা গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের বিরুদ্ধে আইনি ও নৈতিক জবাবদিহি নিশ্চিত হওয়া উচিত।
অনুষ্ঠানে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকারও প্রশংসা করেন এবং জুলাই আন্দোলনে তাদের অবদান স্মরণ করেন।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, আবু হোরায়রার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, আবার কেউ ভিন্নমতও দিচ্ছেন। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, শাওনকে ঘিরে উত্থাপিত অভিযোগ ও বক্তব্যগুলো সংশ্লিষ্ট বক্তাদের দাবি। এ বিষয়ে মেহের আফরোজ শাওনের প্রতিক্রিয়া এই প্রতিবেদনের সময় পর্যন্ত জানা যায়নি।




























