
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি না হয়ে জায়গা পেল রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। ভিন্ন রঙ, সোনালি চুল ও ব্যতিক্রমী চেহারার কারণে ঈদের আগে থেকেই মহিষটি দেশজুড়ে ব্যাপক আলোচনায় ছিল।
মহিষটির মালিক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুল ও মুখাবয়বের সঙ্গে কিছুটা মিল থাকায় শখ করে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রাণীটি।
জানা গেছে, বিরল অ্যালবিনো জাতের হওয়ায় মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এটিকে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়। বর্তমানে চিড়িয়াখানার নির্ধারিত একটি শেডে বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে মহিষটিকে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহার দিন থেকেই দর্শনার্থীরা মহিষটি দেখতে পারবেন। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি দেখতে শান্ত হলেও নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেখার অনুরোধ করা হয়েছে।
মালিকপক্ষ বলছে, কোরবানি না হয়ে প্রাণীটি সংরক্ষিত হওয়ায় তারা খুশি। যদিও দীর্ঘদিন লালন-পালন করা মহিষটিকে ছেড়ে দিতে খারাপ লাগছে, তবুও এটি এখন মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে থাকবে, সেটিই তাদের স্বস্তির বিষয়।
এর আগে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা এই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করতেন উৎসুক মানুষ। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।



























