
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করা নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী ‘নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস’-এর কাছে ব্যাখ্যা চেয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শতভাগ জিপিএ-৫ অর্জনের পেছনে ‘নিয়মবহির্ভূত কৌশল’ বা অসাধু উপায় অবলম্বনের লিখিত অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড।
রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষর করা একটি দাপ্তরিক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে এই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বোর্ডের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ যাচাই-বাছাইয়ে জন্য প্রতিষ্ঠানটিকে চারটি প্রধান ক্ষেত্রের নথিপত্র উপস্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে:
ভর্তি সংক্রান্ত তথ্য: বিদ্যালয়ে মূল ভর্তি হওয়া শিক্ষার্থীদের যাবতীয় তথ্য।
নিবন্ধন তথ্য: নবম শ্রেণিতে চূড়ান্তভাবে নিবন্ধিত (রেজিস্ট্রেশনকৃত) শিক্ষার্থীদের বিস্তারিত তালিকা।
নির্বাচনী পরীক্ষা: এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল ও তথ্য।
ফরম পূরণ তথ্য: চূড়ান্ত এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করা পরীক্ষার্থীদের তালিকা।
এর পাশাপাশি পাঠদান, বিভাগ পরিচালনা ও অতিরিক্ত শ্রেণি শাখা অনুমোদনের দাপ্তরিক অনুমতিপত্রসহ সব নথিপত্র নিয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষককে সশরীরে ঢাকা শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই (শতভাগ) জিপিএ-৫ অর্জন করেছিল।































