
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে দ্রুত গাবতলীতে স্থানান্তরের বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার ক্রমবর্ধমান তীব্র যানজট নিরসন, বাস টার্মিনাল পুনর্বিন্যাস ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে এ নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজধানীর পরিবহন খাতে গতিশীলতা ও শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে এক্সপ্রেসওয়ে ও বিভিন্ন ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (Electronic Toll Collection) বা অটোমেটিক ডিজিটাল টোল ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। টোল আদায় প্রক্রিয়াকে শতভাগ প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন করতে একটি বিশেষ অ্যাপ ডেভেলপ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও দপ্তরকে আগামী চার মাসের মধ্যে এই ইটিসি সিস্টেম ও অ্যাপ সম্পর্কিত সকল কারিগরি প্রস্তুতি শেষ করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে ঢাকার যানজট দূরীকরণে গণপরিবহন ব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























