
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দুই বছর পর আবারও এক বিরল ও মহাজাগতিক দৃশ্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে একই সরলরেখায় এসে দাঁড়ায়, তখন চন্দ্রের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গিয়ে কিছু সময়ের জন্য ধরণীতে নেমে আসে ঘোর অন্ধকার। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন ঘটনা ঘটেছিল।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি মূলত ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা দারুণভাবে প্রত্যক্ষ করতে পারবেন। স্পেনের বিস্তৃত এলাকা, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে মহাজাগতিক এই বিরল দৃশ্যটি স্পষ্ট দেখা যাবে। ১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় আজ বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণটি শুরু হবে। পূর্ণগ্রাসের মোট স্থায়ীত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। বিরল এই মুহূর্তের সাক্ষী হতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রোমাঞ্চপ্রেমী ও গবেষকরা ইউরোপে ভিড় জমালেও, কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাসের কারণে মেঘলা আকাশের শঙ্কা দেখা দিয়েছে।
মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) তথ্য অনুযায়ী, বিশ্বে বছরে সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটলেও পূর্ণ সূর্যগ্রহণ বেশ বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে মাত্র ৬৬ বার অর্থাৎ প্রায় দেড় বছর পরপর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হয়।




























