
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা ও গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহর ও জাবালিয়া শরণার্থী শিবিরে এসব হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, জাবালিয়া শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায়। একই সময়ে জাবালিয়া শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
হামলার পর নিহত দুই ফিলিস্তিনির মরদেহ এবং আহত কয়েকজনকে গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ সময়ের সংঘাতে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে এবং বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে। নতুন করে জাবালিয়ায় হামলার ঘটনাও সেই পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলা ও অন্যান্য লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৩২৬ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৩৯৮ জন আহত হয়েছেন।
এ ছাড়া উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৭৩ হাজার ৪৬২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫০৯ জন আহত হয়েছেন।
এদিকে গাজায় যুদ্ধ বিরতির মাঝেও হামলা চালিয়ে হাজার হাজার নারী ও শিশু হ/ত্যার প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের মুসলিমরা লিখছেন, গাজায় লাশের মিছিল চলছেই, আর কত নিরব থাকবে ক্ষমতালোভী নির্লজ্জ মুসলিম বিশ্ব নেতারা?
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি




























