
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট পরীক্ষা) এবং ফরম পূরণের চূড়ান্ত সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আওতাধীন সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাবোর্ডের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সকল স্কুলের টেস্ট পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই অর্থাৎ ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রয়োজনীয় অনুলিপি দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হচ্ছে।
এদিকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের মূল পরীক্ষা শুরু নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাধারণত বছরের শুরুর দিকে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে সেটি পিছিয়ে আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা পিছানোর এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।






























