
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম বগুড়া জেলার বাসিন্দা। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিয়ে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য প্রশংসা অর্জন করেন।
বিশেষ করে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া ঘিরে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)-এর ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
এই নিয়োগের মাধ্যমে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন তিনি।





























