
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার পর কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বলেছেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সকালে জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে রোববার রাতে ওই এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসী একটি গ্রুপ।
এসপি মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের প্রভাব কমে আসছে বলেই তারা হামলার মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। তবে তাদের দমনে অভিযান অব্যাহত থাকবে।
হামলার পর সোমবার ভোর থেকে যৌথ বাহিনীর বড় একটি দল এলাকায় অভিযান শুরু করে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে বলা হয়েছে, অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ প্রবেশপথ কেটে দেওয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তবে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ দখল, জাল কাগজপত্র তৈরি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।




























